প্রোডাক্টিভিটি স্টার্টআপ কোডা অধিগ্রহণ করেছে গ্রামারলি

১৮ ডিসেম্বর, ২০২৪ ১১:২৬  

লেখার সহায়ক এআই টুল প্রদানকারী গ্রামারলি প্রোডাক্টিভিটি স্টার্টআপ কোডাকে অধিগ্রহণ করার ঘোষণা দিয়েছে। এই চুক্তির অংশ হিসেবে কোডার সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা শিশির মেহরোত্রা গ্রামারলির নতুন সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। খবর টেকক্রাঞ্চ।

তবে, চুক্তির আর্থিক শর্তাবলী প্রকাশ করা হয়নি।

গ্রামারলি জানিয়েছে, এই অধিগ্রহণ তাদের এআই অ্যাসিস্ট্যান্টকে একটি "এআই প্রোডাক্টিভিটি প্ল্যাটফর্মে" রূপান্তর করতে সহায়তা করবে। এতে গ্রামারলির ব্যবহারকারীরা নতুন ফিচার, যেমন জেনারেটিভ এআই চ্যাট এবং একটি প্রোডাক্টিভিটি স্যুট, ব্যবহার করতে পারবেন যা তাদের আরও দক্ষতার সাথে কাজ করতে সহায়তা করবে।

গ্রামারলির বর্তমান সিইও রাহুল রায়-চৌধুরী জানিয়েছেন, তিনি সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন এবং শিশির মেহরোত্রার সাথে উপদেষ্টা হিসেবে কাজ করবেন।

শিশির মেহরোত্রা, যিনি ইউটিউবের প্রধান পণ্য কর্মকর্তা এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে কাজ করেছেন, এক ব্লগ পোস্টে তার ভবিষ্যৎ লক্ষ্য প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “কল্পনা করুন, অ্যাসিস্ট্যান্ট শুধুমাত্র লেখার উপর ভিত্তি করে পরামর্শ দেয়ার পাশাপাশি আপনার ইমেইল, ডক, সিআরএম এবং প্রজেক্ট ট্র্যাকারের মতো অন্যান্য সিস্টেমের সাথে সংযুক্ত হয়ে আরও স্মার্ট এবং সহায়ক হয়ে উঠবে”।

এই অধিগ্রহণের মাধ্যমে কোডার মূল পণ্য কোডা ডক্স গ্রামারলি অ্যাসিস্ট্যান্ট দ্বারা উন্নত করা হবে।

মেহরোত্রা আরও উল্লেখ করেন, “দীর্ঘমেয়াদে আমরা কোডা এবং গ্রামারলির সেরা বৈশিষ্ট্যগুলো একত্রিত করার পরিকল্পনা করছি। এটি কোম্পানির জ্ঞান, জেনারেটিভ এআই চ্যাট ফিচার, একটি পূর্ণাঙ্গ প্রোডাক্টিভিটি স্যুট এবং শত শত এজেন্টকে একত্রিত করে কাজের স্মার্ট সমাধান দেবে”।

২০০৯ সালে প্রতিষ্ঠিত গ্রামারলি বর্তমানে ৪ কোটি সক্রিয় ব্যবহারকারী নিয়ে ১৩ বিলিয়ন ডলারের কোম্পানি। কোডা, ২০২১ সালে সিরিজ ডি তহবিল সংগ্রহের সময় ১.৪ বিলিয়ন ডলারে মূল্যায়িত হয়েছিলো।

এই অধিগ্রহণ এআই-চালিত লেখার এবং প্রোডাক্টিভিটি টুলস তৈরি করা কোম্পানিগুলোর সাথে প্রতিযোগিতায় গ্রামারলির অবস্থান আরও শক্তিশালী করবে।

ডিবিটেক/বিএমটি